গুজব সনাক্তে জানুয়ারিতে বাংলা স্ক্রিন রিডার টুলস
১২ ডিসেম্বর দেশজুড়ে পালিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’। তৃতীয়বারের মতো পালিত এই দিবসের এবারের প্রতিবাদ্য বিষয় ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ও টুইটারে গুজব, নাশকতায় সন্ত্রাসী গোষ্ঠীর প্রোপাগান্ডা, পর্নোগ্রাফি, ভুয়া পেজ ও দেশ বিরোধী অপপ্রচার ঠেকাতে সচেতনতা তৈরির পাশাপাশি প্রযুক্তি দক্ষতা অর্জনের উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।
মূলত, প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে ইংরেজি ভাষার গুজব-প্রোপাগান্ডা সহজে খুঁজে অপরাধীকে সনাক্ত করা গেলেও বাংলা ভাষায় তা কঠিন হওয়ায় তা সনাক্তে বিভিন্ন টুলস তৈরি করা হচ্ছে। জানুয়ারিতেই এমন একটি টুলস উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সাইবার স্পেস নিরাপদ করার জন্য তিনটি বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রথম এবং প্রধান হচ্ছে সচেতনতা তৈরি, দ্বিতীয় প্রযুক্তিগত সক্ষমতা আর তৃতীয় হলো আইনের যথাযথ প্রয়োগ। এই তিনটি সঠিকভাবে করা গেলে ডিজিটাল স্পেসকে সিকিউর করা যাবে।
সাইবার আকাশে নজরদারি বাড়ানোর ও নিয়ন্ত্রণ আরো ইতোমধ্যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি গঠন ও ডিজিটাল সিকিউরিটি আইনে জাতীয় সংসদের অনুমোদন মিললেও সচেতনতায় পিছিয়ে থাকার কারণে মাঝে মাঝেই সমস্যায় পড়তে হচ্ছে বলে মনে করেন এই তরুণ সংসদ সদস্য।
আর এই সমস্যার সমাধানে এবার একটি ‘ডিজিটাল লিটারেসি সেন্টার’ স্থাপন এবং ‘বাংলা শব্দের কি-ওয়ার্ড গবেষণা’র মাধ্যমে হেটস্পিচ সনাক্তে বিশেষ ‘টুলস’ তৈরি করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, টুলসগুলোর মাধ্যমে বাংলা শব্দের কি-ওয়ার্ডগুলো দিয়ে সার্চ করে ডেটা অ্যানালিটিকসের মাধ্যমে প্রেডিক্ট করা হবে যে কোন শব্দ কারা কীভাবে ব্যবহার করছে। ইতোমধ্যে বেশ কিছু টুল তৈরি করা হয়ে গেছে। আসছে জানুয়ারিতে প্রধানমন্ত্রী স্ক্রিন রিডার টুল উদ্বোধন করবেন। বাকিগুলো টুলগুলো ২০২০-২১ সালের মধ্যে ডেভেলপ করা ফেলা যাবে।
প্রসঙ্গত, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে বাংলায় প্রযুক্তিগত সক্ষমতা তৈরির জন্য একটি প্রকল্পের মাধ্যমে ১৬টি টুল তৈরি করা হচ্ছে। যেখানে বাংলা করপাস বা ভাষাংশ, বাংলা স্পিচ টু টেক্সট এবং টেক্সট টু স্পিচ, স্ক্রিন রিডার সফটওয়্যার, বাংলা মেশিন ট্রান্সলেটর ডেভেলপমেন্ট, সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুলস উন্নয়ন, বাংলার জন্য বহুভাষিক সার্ভিস প্লাটফর্মসহ বিভিন্ন টুল রয়েছে।